...|...|...

বিনোদন

বয়সের ব্যবধান মাত্র চার বছর, তবু রণবীরের মা হতে আপত্তি নেই লারার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৩
Shares
বয়সের ব্যবধান মাত্র চার বছর, তবু রণবীরের মা হতে আপত্তি নেই লারার

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সাথে বয়সের ব্যবধান মাত্র চার বছরের। অথচ পর্দায় সেই রণবীরের সৎমায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী লারা দত্ত। ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ী চরিত্রে দেখা যাবে তাকে। বয়সের এমন পার্থক্য থাকলেও মায়ের চরিত্রে অভিনয় করতে কোনো অস্বস্তি বা দ্বিধা কাজ করেনি বলে জানিয়েছেন অভিনেত্রী।

নিতেশ তিওয়ারির পরিচালনায় এবং নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। সিনেমাটিতে কৈকেয়ীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৪৮ বছর বয়সী লারা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে চরিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

লারা বলেন, অভিনয়ের ক্ষেত্রে বয়সের হিসাব কিংবা প্রচলিত ধারণাকে এখন আর গুরুত্ব দেন না শিল্পীরা। তার ভাষায়, ‘আমার মনে হয়, আমরা এখন এসব ভাবনার অনেক ঊর্ধ্বে উঠে গেছি। অভিনেতারা আর আগের দিনের চিন্তাভাবনায় আটকে নেই যে, একজন অভিনেত্রী হয়ে কীভাবে নির্দিষ্ট কোনো চরিত্রে অভিনয় করবেন। এখন আমরা শুধু চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। এ নিয়ে আমার বিন্দুমাত্র দ্বিধা ছিল না।’

কৈকেয়ী চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে পরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান লারা। তার মতে, নিতেশ তিওয়ারির সঙ্গে বসে চরিত্রটির একটি পূর্ণাঙ্গ অতীত ও পটভূমি তৈরি করেছেন তারা। সিনেমায় সরাসরি দেখানো হয়নি, এমন অনেক বিষয়ও আলোচনায় এসেছে। কৈকেয়ী কেন দুটি বর চেয়েছিলেন, রাজা দশরথ কখন তাকে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি তার পারিবারিক পরিচয় ও শিকড় নিয়েও কাজ করেছেন তারা।

লারা মনে করেন, কৈকেয়ীর মতো শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর জীবনে খুব বেশি আসে না। তাই এমন সুযোগকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। লারার ভাষায়, পরিচিত ও ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শিল্পীদের জন্য বিশেষ অভিজ্ঞতা।

‘রামায়ণ’ সিনেমায় রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। সিনেমাটির প্রথম পর্ব গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।