...|...|...

খেলা

বড় তারকাদের টপকে আইএলটি২০ নিলামে ফারুকির রেকর্ড দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৭
Shares
বড় তারকাদের টপকে আইএলটি২০ নিলামে ফারুকির রেকর্ড দাম

ফজলহক ফারুকি। ছবি: সংগৃহীত

আইএলটি২০ র নিলামে এবার আলো কেড়ে নিয়েছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। বড় তারকাদের পেছনে ছাপিয়ে রেকর্ড পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। ফারুকির জন্য ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যা আইএলটি২০র নিলাম ইতিহাসে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে আইএলটি২০ র পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানেই ফারুকির সাথে এমআই এমিরেটসের চুক্তি হয়। বাংলাদেশি মুদ্রায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা। এর আগে এই টুর্নামেন্টের নিলামে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ছিল ২ লাখ ৬০ হাজার ডলার। চতুর্থ আসরে একই ফ্র্যাঞ্চাইজি আন্দ্রে ফ্লেচারকে ওই মূল্যে দলে নিয়েছিল।

ফারুকিকে দলে নিয়ে এবার নিজেদের পুরোনো রেকর্ডও ভেঙেছে এমআই এমিরেটস। আফগান পেসারের জন্য খরচ করা অর্থ আগের সর্বোচ্চ পারিশ্রমিকের চেয়ে ১ লাখ ২০ হাজার ডলার বেশি।

এবারের ড্রাফটে ফারুকির পাশাপাশি আরও তিন ক্রিকেটার ৩ লাখ ডলারের বেশি পারিশ্রমিক পেয়েছেন। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৩ লাখ ৫০ হাজার ডলারে দলে নিয়েছে গালফ জায়ান্টস। একই দল রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুবিধা কাজে লাগিয়ে রহমানউল্লাহ গুরবাজকে ৩ লাখ ১০ হাজার ডলারে রেখে দিয়েছে।

দুবাই ক্যাপিটালসের দলে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের। তাকে ৩ লাখ ডলারে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের নিলামে পাকিস্তানের চার ক্রিকেটারকে নিয়ে ছিল আলাদা আগ্রহ। বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারেই দলে নিয়েছে বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান ও শাদাব খানকে। চারজনের মধ্যে বাবর আজমের জন্য এটি আইএলটি২০তে অভিষেকের মৌসুম হতে যাচ্ছে।

নাসিম শাহ ও ফখর জামান অবশ্য আগেও ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলেছেন। নতুন মৌসুমেও দলটির সাথে সম্পর্ক ধরে রাখছেন তারা। শাদাবও এবার চ্যাম্পিয়ন দলের স্কোয়াডে থাকছেন।

নিজ দেশের ক্রিকেটারদের প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ ছিল উল্লেখযোগ্য। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের মধ্যে আইএলটি২০তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন মুহাম্মদ ওয়াসিম। রাইট-টু-ম্যাচ সুবিধা ব্যবহার করে ২ লাখ ১০ হাজার ডলারে তাকে ধরে রেখেছে এমআই এমিরেটস।

সব মিলিয়ে এবারের ড্রাফটে ফারুকির রেকর্ড চুক্তিই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। তার ৩ লাখ ৮০ হাজার ডলারের পারিশ্রমিক আইএলটি২০র নিলামে নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে।