...|...|...

সারাদেশ

বড়লেখায় পৌর ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ২:০৩
Shares
বড়লেখায় পৌর ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সভাপতি আলী হোসেন এবং উপজেলা যুবলীগ নেতা মুমিনুল হক টনিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) রাতে টাইমস টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান। তিনি জানান, রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আলী হোসেন (৩০) উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের করা মামলার এজাহারনামীয় আসামি আলী হোসেন।

পুলিশ আরও জানায়, প্রায় দেড় বছর আত্মগোপনে থাকার পর তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন বলে পুলিশের অভিযোগ।

অন্যদিকে গ্রেফতার যুবলীগ নেতা মুমিনুল হক টনি উপজেলার পাখিয়ালা চত্বর এলাকার তুতিউর রহমানের ছেলে। শনিবার রাতে শাহবাজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা দিবস পালনের প্রস্তুতির সময় পৌর যুবদলের তৎকালীন সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাপাদারের ওপর হামলার ঘটনায় ২০২৪ সালের ২৩ আগস্ট করা মামলার এজাহারনামীয় আসামি মুমিনুল হক টনি।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, মুমিনুল হক টনি তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। আর ছাত্রলীগ নেতা আলী হোসেন জামিনে বের হওয়ার পর সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।