...|...|...

বিশ্ব

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩০
Shares
ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রয়্যাল নেভি (নৌবাহিনী) ও রয়্যাল এয়ার ফোর্সকে (বিমানবাহিনী) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।

রবিবার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ)-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের ‘বিদ্বেষপূর্ণ’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে, লন্ডন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৩ জুলাই যুক্তরাজ্য ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

তেহরানের অভিযোগ, যুক্তরাজ্য তাদের নিয়ন্ত্রণাধীন সামরিক ও লজিস্টিক ঘাঁটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সহযোগিতা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জেরে পুরো অঞ্চলজুড়ে পাল্টা পদক্ষেপ নেয় ইরান।

পরবর্তী সময়ে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও নিরাপত্তা পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।