ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতী চাল, বাজি, রেড বুল এনার্জি ড্রিংকস, আমুল বাটার, গরু, চকলেট, চা-পাতা, বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, ত্বকের যত্নে ব্যবহৃত ক্রিম, ফেসওয়াশ, অলিভ অয়েল, বডি স্প্রে, কুইচ্চা মাছ, গাঁজা, মদ, বিয়ার ও মোটরসাইকেল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


