...|...|...

খেলা

ব্যালন ডি’অর না পেয়ে ইয়ামালের রহস্যময় পোস্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪৭
Shares
ব্যালন ডি’অর না পেয়ে ইয়ামালের রহস্যময় পোস্ট

লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জিততে না পারলেও ভবিষ্যতে এই পুরস্কার নিজের করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। পুরস্কার হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি। তবে বিজয়ীদের অভিনন্দন জানালেও পোস্টে এবারের বিজয়ী হ্যারি কেইনের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ব্যালন ডি’অর জেতেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। এবারের প্রতিযোগিতায় তার পরেই ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ইয়ামাল লেখেন, ‘এটি একদিন আসবেই। ভালো জিনিস পেতে সময় লাগে। আমি যে পথ তৈরি করছি, তার ওপর আমার বিশ্বাস আছে।’

তিনি আরও লেখেন, ‘কোনো তাড়াহুড়ো নয়, বরং উদ্দীপনা ও শান্ত মন নিয়ে বিশ্বাস করি, একদিন আমার সময় আসবে। বিজয়ীদের অভিনন্দন। এখন আমার মনোযোগ আবার গুরুত্বপূর্ণ বিষয়ে বার্সেলোনাকে আরও একবার জেতানো।’

ইয়ামালের বক্তব্যে ভবিষ্যতে ব্যালন ডি’অর জয়ের প্রত্যাশা স্পষ্ট। তবে বিজয়ীদের অভিনন্দন জানানোর সময় কেইনের নাম আলাদাভাবে উল্লেখ না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। যদিও নিজের পোস্টে ইংলিশ স্ট্রাইকারকে সরাসরি কোনো কটাক্ষ করেননি বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

এবারের অনুষ্ঠানে ব্যালন ডি’অর না জিতলেও একেবারে শূন্য হাতে ফিরতে হয়নি ইয়ামালকে। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন তিনি। ব্যক্তিগত এই অর্জনের পাশাপাশি বার্সেলোনার হয়ে দলীয় সাফল্য অর্জনকেই এখন বেশি গুরুত্ব দিতে চান স্প্যানিশ তারকা।

 তবে ইয়ামালের চাচা আবদুল তার ভাতিজার ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাদেনা এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইয়ামালই বিশ্বের সেরা ফুটবলার। ভবিষ্যতে তার ভাতিজা একাধিকবার ব্যালন ডি’অর জিতবেন বলেও আশাবাদ জানান তিনি।

অন্যদিকে, হ্যারি কেইনের পুরস্কার জয় নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গুতিও। তার মতে, ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে লন্ডনে অনুষ্ঠান আয়োজন এবং একই সময়ে কেইনের পুরস্কার জয় উল্লেখযোগ্য বিষয়। তবে তার এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন কেইন। ওই মৌসুমে ৭৩ গোল করে দলীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ইংলিশ স্ট্রাইকার। তার পারফরম্যান্সই এবারের ব্যালন ডি’অর জয়ের আলোচনায় তাকে এগিয়ে রাখে।