...|...|...

খেলা

ব্যালন ডি’অরে মেসি–রোনালদোকে ভোট দেবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৯
Shares
ব্যালন ডি’অরে মেসি–রোনালদোকে ভোট দেবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো সেরা, তা নিয়ে তর্কের শেষ নেই। এবার ফুটবলপ্রেমীদের হাতে প্রিয় তারকার সর্বকালের সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ করে দিয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। তবে এ আয়োজনে অংশ নিতে ভোটারকে খরচ করতে হবে এক ইউরো, আর চাইলে একই তারকাকে বারবার ভোট দেওয়ার সুযোগও থাকছে।

এটি ২০২৬ সালের বিজয়ী নির্বাচনের ভোট নয়; বরং একাধিকবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তির ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মৌসুম খুঁজে বের করার বিশেষ আয়োজন।

তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো। সমর্থকেরা তাদের পছন্দের তারকার ব্যালন ডি’অরজয়ী সেরা মৌসুমটি নির্বাচন করতে পারবেন।

সাধারণত আন্তর্জাতিক সাংবাদিকদের ভোটে ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণ করা হয়। তবে এ বিশেষ উদ্যোগে সমর্থকদের মতামত দেওয়ার পথ খুলল। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ টাকা) ফি নির্ধারণ করা হয়েছে।

ভোটের দৌড়ে এখন পর্যন্ত শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পর প্রথম ব্যালন ডি’অর জেতেন তিনি। সিআরসেভেনের সেই দুর্দান্ত মৌসুমটিই সমর্থকদের প্রথম পছন্দ।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২০১২ সালে লিওনেল মেসির স্মরণীয় মৌসুম। সে বছর টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মেসি রেকর্ড ৮ বার এবং রোনালদো ৫ বার ব্যালন ডি’অর জিতেছেন। স্বাভাবিকভাবেই দুই তারকার ভক্তদের মাঝে এই ভোট ঘিরে বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে।

অক্টোবরের শুরুতেই ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে এই ভোটাভুটি শুরু হয়েছে। প্যারিস সময় অনুযায়ী আগামী ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়া যাবে। তবে আয়োজকেরা স্পষ্ট জানিয়েছেন, এই ভোটের ফলকে ইতিহাসের চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না; এটি মূলত সমর্থকদের পছন্দের প্রতিফলন।