ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ার অপেক্ষায় হ্যারি কেইন। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়তে আর মাত্র এক ম্যাচ দূরে রয়েছেন এই স্ট্রাইকার। সম্ভাব্য এই অর্জনকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক হিসেবে দেখছেন ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
বুধবার (১১ নভেম্বর) নিজের সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের অনুশীলন মাঠে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন অনুভূতির কথা জানান বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে মাঠে নামলেই ইংল্যান্ডের হয়ে ১২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ৩৩ বছর বয়সী কেইন।
বর্তমানে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি গোলরক্ষক পিটার শিল্টনের দখলে। ১২৫ ম্যাচ খেলে এত দিন শীর্ষে ছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলেই শিল্টনকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটির মালিক হবেন কেইন। এরপর রবিবার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
সম্ভাব্য এই রেকর্ড নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কেইন বলেন, “আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে অবশ্যই এটি একটি হবে। এটা সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতার প্রমাণ। এতগুলো ম্যাচ খেলতে পারা নিষ্ঠা ও নিবেদনের স্বীকৃতি- ব্যালন দ’র জয়ের পর আড়ালের এই বিষয়গুলো নিয়ে আমি বলেছিলাম। নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের বড় মাইলফলকগুলোর একটি।”
কেইনের অর্জনের তালিকায় অবশ্য আন্তর্জাতিক ফুটবলে আরও একটি বড় রেকর্ড রয়েছে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৯১ গোল করেছেন এই স্ট্রাইকার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোলসংখ্যা ৫৩।
তবে ব্যক্তিগত সাফল্যের এত অর্জন থাকলেও ইংল্যান্ডের হয়ে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা এখনও জিততে পারেননি কেইন। দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও দলীয় শিরোপার অপেক্ষা এখনও শেষ হয়নি তার।
ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও কেইনের নেতৃত্ব ও পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তার মতে, কেইন একজন আদর্শ অধিনায়ক এবং অন্যদের জন্য অনুকরণীয় নেতা। বয়স বাড়ার সাথে সাথে তার খেলার ধরনে আরও পরিপক্বতা ও বিচক্ষণতা এসেছে বলেও মনে করেন এই কোচ।
ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলারদের একজন কেইন কি না, এমন প্রশ্নে টুখেল বলেন, “জানি না, তবে অবশ্যই সে ওই পর্যায়ের। এখন তো সেটি প্রমাণিত। কোনো কিছু প্রমাণিত হলে সব সময়ই ভালো লাগে। এটা সত্যিই দারুণ এক উপলক্ষ।”
এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ওয়েম্বলিতে সমর্থকদের সামনে নিজের ব্যালন ডি’অর ট্রফিও প্রদর্শন করবেন কেইন। সম্ভাব্য নতুন রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত এই অর্জন উদ্যাপনের সুযোগও পাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক।



