...|...|...

জাতীয়

বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, দুপুর ১২:৫৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১৬
Shares
বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

ছবি: সংগৃহীত

এবার বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ প্যাকেজের খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার বিশেষ প্যাকেজের ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে ৭২ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা।

এদিকে সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের চেয়ে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমেছে। হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সংবাদ সম্মেলনে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন।