পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১১ খনিশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বেলুচিস্তানের দুর্গম কোহলু জেলায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় খনিশ্রমিকদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্যবস্তু করা হয়।
এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহ, এই ঘটনার সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা জড়িত থাকতে পারে। দীর্ঘদিন ধরে তারা নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে সহিংসতা চলছে।
পাকিস্তান বরাবরই ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে। তবে উভয় দেশই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এদিকে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।


