রাজধানী ঢাকায় আজ রবিবার (২৯ নভেম্বর) সরকারি দফতর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতে বাসা থেকে বের হওয়ার আগে নাগরিকদের চলাচলের সুবিধার্থে আজকের উল্লেখযোগ্য আয়োজনগুলোর সময় ও স্থান তুলে ধরা হলো।
পরিকল্পনা কমিশনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
সকাল সাড়ে ৯টায় রাজধানীর এনইসি-২ অডিটোরিয়ামে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
নৈতিক শিক্ষার ভূমিকা নিয়ে জাতীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
সকাল ১০টায় রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বেবিচকের প্রেস ব্রিফিং
সকাল সাড়ে ১০টায় রাজধানীতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরের অডিটোরিয়ামে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা
সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের প্রেস ব্রিফিং
দুপুর ১টায় রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারের ১১/এ ফ্ল্যাটে খেলাফত মজলিসের মিলনায়তনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির আমিরে খেলাফত মাওলানা আব্দুল বাছিত আজাদ।
সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
দুপুর ২টায় রাজধানীর খামারবাড়ি টিএনটি মাঠ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর যুবদল।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার সেমিনার হলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান।


