দীর্ঘ আট বছর পর বাংলাদেশের মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ১৫তম আসর। প্রতিযোগিতার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টা থেকে। দর্শকেরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। অন্যদিকে, করপোরেট বক্সের টিকিটের দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একই দিনের দুটি ম্যাচ উপভোগ করা যাবে। তবে ফাইনালের টিকিটের দামে পরিবর্তন আসতে পারে।
টিকিটের নির্ধারিত মূল্য অনুযায়ী, সাধারণ গ্যালারিতে প্রবেশের জন্য খরচ করতে হবে ১ হাজার টাকা। ক্লাব হাউসের টিকিটের দাম ৪ হাজার টাকা। এ ছাড়া ভিআইপি গ্যালারির টিকিট ৭ হাজার, রেড বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিটের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দেশ-স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। টুর্নামেন্টে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। ওই দিন রাত ৮টায় খেলবে শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১১ নভেম্বর। ওই দিন রাত ৮টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।


