...|...|...

জাতীয়

বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯
Shares
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে খুলনায়। নগরজুড়ে চলছে সাজসজ্জা ও বর্ণাঢ্য আয়োজন। নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী। এদিন বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানাতে সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

নগরীর বিভিন্ন দেয়ালে স্থান পেয়েছে সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও মোংলা বন্দরের চিত্র। পাশাপাশি খুলনা অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, বিশিষ্ট বিজ্ঞানী ও শিল্পীদের নিয়ে আঁকা গ্রাফিতি নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

তিনি বলেন, নতুন কুঁড়ির এই আয়োজন তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করবে। যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে।

প্রধানমন্ত্রীর খুলনা সফর প্রসঙ্গে রকিবুল ইসলাম বলেন, নির্বাচনের পর তারেক রহমানের প্রথম এ সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তার সফরের মধ্য দিয়ে খুলনাসহ সারা দেশে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন মিল-কারখানা পুনরায় চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। খুলনা অঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং মোংলা বন্দরের আধুনিকায়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন তিনি।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে অংশ নিতে এখন পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। প্রথম আসরে নিবন্ধনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। এবারের প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি বছর এক হাজার ইউনিয়নে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। এ ছাড়া চলতি অর্থবছরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি। খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান সচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

এর আগে প্রধানমন্ত্রীর সফর ও নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে খুলনাবাসীর প্রত্যাশাও বাড়ছে। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, ক্রীড়াঙ্গনের বিকাশ এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সফরটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।