বুলগেরিয়ার উপকূলে দুটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি জাহাজে তিনটি আকাশপথে আসা ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল। সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাদেভ জানান, মাল্টার পতাকাবাহী ইউক্রেনের মালিকানাধীন কার্গো জাহাজ ‘চেলসি ৩’ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির ১৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন ইউক্রেনীয় ও আটজন আজারবাইজানি।
এর কিছুক্ষণ পর দ্বিতীয় একটি জাহাজও হামলার শিকার হয়ে ডুবে যায়। এ ঘটনায় একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানান রাদেভ। তবে জাহাজটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।
ঘটনার সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও হামলার বিষয়ে রুশ রাষ্ট্রদূতকে তলব করার পরিকল্পনার কথা জানিয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী।
অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সরাসরি রাশিয়াকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, কৃষ্ণসাগরে বেসামরিক মানুষের জীবন ও সামুদ্রিক নিরাপত্তাকে উপেক্ষা করছে মস্কো।
গত সপ্তাহেও বুলগেরিয়ার কাছাকাছি কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছিল। ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করা হলেও তখন পরিস্থিতি অস্পষ্ট বলে জানিয়েছিল বুলগেরিয়া।


