চলতি বছরের হজ শেষে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট আগামী বুধবার (১ জুলাই) শেষ হচ্ছে। ইতোমধ্যে ২০৪টি ফ্লাইটে ৭৩ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন। একই সাথে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ বছর ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রবিবার রাত ২টা পর্যন্ত মোট ২০৪টি ফিরতি ফ্লাইট বাংলাদেশে পৌঁছেছে। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮ হাজার ৬১৭ জনসহ মোট ৭৩ হাজার ৭৬ জন হাজি দেশে ফিরেছেন।
এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৩৩ হাজার ৪৮৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ১২৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৭টি ফ্লাইটে ১০ হাজার ২৬০ জন হাজি দেশে এসেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে আরও ১ হাজার ৬৭৬ জন হাজি দেশে ফিরবেন। আর বুধবার এ বছরের শেষ হজ ফিরতি ফ্লাইটে আরও ৪১৯ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা ১ জুলাই শেষ হচ্ছে। এর আগে গত ১৮ এপ্রিল হজযাত্রী পরিবহন শুরু হয়ে ২১ মে শেষ হয়।
এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান। তবে মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্যসেবার তথ্য তুলে ধরে ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ১৩৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (ই-প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। এছাড়া ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সাতজন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির মাধ্যমে সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেন।


