...|...|...

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার কসবার নিজ বাড়িতে মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি টালিউডের কয়েকজন ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন। বিয়েতে সিদ্ধার্থের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি। আর মিমি বেছে নিয়েছিলেন সোনালি রঙের সাবেকি সাজ।

অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানিয়েছেন, সিদ্ধার্থ তার দেওর। মিমি ও সিদ্ধার্থ দুজন মিলে বিয়ের আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এর আগে বেশ কিছুদিন ধরেই মিমির বিয়ে নিয়ে বিনোদন অঙ্গনে নানা আলোচনা চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়। আমন্ত্রণপত্রে বর-কনের ছবির পাশাপাশি স্থান পেয়েছিল মিমির তিন পোষ্যের ছবিও।

তবে আইনি বিয়ের পরও বিয়ের মূল আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পাহাড়ি এলাকায় বসবে তাদের বিয়ের আয়োজন। সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর থাকছে নৈশভোজ, পরদিন ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীতানুষ্ঠান। আর ৫ ডিসেম্বর মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিয়ের মূল পর্ব।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের বাকি আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এই জুটির।