...|...|...

সারাদেশ

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না, লরির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫২
Shares
বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না, লরির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

নিহত ব্যবসায়ী নুরুল হুদা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির অজ্ঞাত লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইদুলপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা ভূঁইয়া মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে মহাসড়কের ইদুলপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত লরি নুরুল হুদাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. নুরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসাথে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহালের প্রতিবেদন তৈরি করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গাড়িটি শনাক্তে কাজ চলছে।