বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়ার পর নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। নতুন দায়িত্বে খেলোয়াড়দের উন্নয়ন ও কোচিং কার্যক্রমে পরামর্শ দেওয়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের বিকাশে কাজ করবেন সাবেক এই ক্রিকেটার।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমিনুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। তার দীর্ঘদিনের ক্রিকেটীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাই পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম আরও সমৃদ্ধ করতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন দায়িত্বে খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, কোচিংয়ের পদ্ধতি এবং প্রতিভাবান তরুণদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবেন আমিনুল। ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা দিয়ে দলটির উন্নয়ন কার্যক্রমে পরামর্শ দেবেন তিনি।
এর আগে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন সাবেক এই ব্যাটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন আমিনুল। ২০২৫ সালের ৩০ মে থেকে ২০২৬ সালের ৭ এপ্রিল পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমিনুলের। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন সাবেক এই ব্যাটার। এবার দেশের ক্রিকেট প্রশাসন পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন দায়িত্ব শুরু করতে যাচ্ছেন তিনি।


