ম্যানচেস্টার সিটিতে আর্লিং হালান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এবং সম্ভাব্য শাস্তির আশঙ্কায় দল ছাড়তে পারেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। এমন পরিস্থিতিতে হালান্ডের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে আলোচনায় উঠে এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম।
সম্প্রতি ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের অভিযোগের আপিলের রায় এবং হালান্ডের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তার বাবা আলফ-ইঙ্গে হালান্ড। তার মতে, আপিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না। সিটির ভবিষ্যৎ পরিস্থিতির ওপরই অনেকটা নির্ভর করছে হালান্ডের পরবর্তী সিদ্ধান্ত।
ম্যানচেস্টার সিটির হয়ে এরই মধ্যে নিজেকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি গোলের পর গোল করে দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন তিনি। চলতি প্রিমিয়ার লিগেও প্রথম নয় ম্যাচে তার গোলসংখ্যা নয়।
সিটির সাথে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের। তবে এত দীর্ঘ চুক্তি থাকলেও ভবিষ্যতে ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তার বাবা। বিশেষ করে আর্থিক অনিয়মের অভিযোগে সিটির বিরুদ্ধে চলমান আপিলের রায়কে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
আলফ-ইঙ্গে বলেন, ‘আমার মনে হয়, আপিলের রায় আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। দ্রুতই এর নিষ্পত্তি হতে পারে। তবে বর্তমানে সিটির বিরুদ্ধে সমর্থক, প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং বিশেষ করে সাংবাদিকদের একটি অংশ অবস্থান নিয়েছে। তাই আপিলের ফল কী হয়, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সিটি বিশ্বাস করে, তাদের নির্দোষ প্রমাণ করার মতো শক্ত প্রমাণ রয়েছে। আমার মনে হয়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আর্লিং এখন শুধু যত বেশি সম্ভব ফুটবল খেলার কথা ভাবছে এবং সেটিতেই মনোযোগ দিচ্ছে। মাঠের বাইরের বিষয়টি নিয়ে আমরাই হয়তো একটু বেশি ভাবছি।’
আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটি বড় কোনো শাস্তির মুখে পড়লে ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। একই সাথে দলের শীর্ষ তারকাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হতে পারে অনিশ্চয়তা। সে ক্ষেত্রে হালান্ডের মতো তারকাকে দলে নেওয়ার সুযোগ খুঁজতে পারে ইউরোপের বড় ক্লাবগুলো।
তবে হালান্ডকে দলে ভেড়ানো সহজ হবে না। তার বিপুল ট্রান্সফার ফি এবং উচ্চ বেতন পরিশোধের সামর্থ্য রয়েছে হাতে গোনা কয়েকটি ক্লাবের। এই বিবেচনায় রিয়াল মাদ্রিদকে সম্ভাব্য গন্তব্য হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই হালান্ডের প্রতি আগ্রহ রয়েছে স্প্যানিশ ক্লাবটির। পাশাপাশি দলে একজন স্বীকৃত নাম্বার নাইন স্ট্রাইকারের প্রয়োজনও রয়েছে।
হালান্ডকে দলে পেলে কিলিয়ান এমবাপ্পের সাথে তার জুটি গড়ার সুযোগ পাবে রিয়াল। দুই তারকার সমন্বয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এখন পর্যন্ত হলান্ডের দলবদল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চলমান অভিযোগের নিষ্পত্তি এবং ক্লাবটির ভবিষ্যৎ পরিস্থিতিই শেষ পর্যন্ত তার পরবর্তী গন্তব্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।



