জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছুটির সংখ্যা কমবেশি হয়ে থাকে। সাম্প্রতিক ‘স্টারসইনসাইডার’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির শীর্ষ ১০ দেশের তালিকায় এশিয়ার দেশগুলোর একচ্ছত্র আধিপত্য দেখা গেছে। এর মধ্যে বছরে ২২ দিন সরকারি ছুটি নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর ৩৫ দিন ছুটি নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে নেপাল।
সরকারি ছুটিতে বিশ্বের শীর্ষ ১০ দেশ
১. নেপাল (৩৫ দিন): সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় শীর্ষস্থানে রয়েছে নেপাল। দেশটিতে বছরে ৩৫ দিন সরকারি ছুটি থাকে। দশাইন ও তিহারের মতো বড় হিন্দু উৎসবের পাশাপাশি বৌদ্ধ, ইসলাম ও খ্রিষ্টধর্মের বিভিন্ন উৎসব উপলক্ষেও সেখানে ছুটি দেওয়া হয়।
২. ইরান (২৬ দিন): বছরে ২৬ দিন সরকারি ছুটি নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। পারস্যের নববর্ষ ‘নওরোজ’-এর পাশাপাশি আশুরা ও ঈদের মতো ধর্মীয় দিবসেও দেশটিতে সরকারি ছুটি থাকে।
৩. মিয়ানমার (২৫ দিন): মিয়ানমারেও বছরে ২৫ দিন সরকারি ছুটি রয়েছে। বৌদ্ধধর্মীয় উৎসবের পাশাপাশি চন্দ্রপঞ্জিকাভিত্তিক বিভিন্ন পূর্ণিমার দিন দেশটির ছুটির তালিকায় স্থান পেয়েছে।
৪. শ্রীলঙ্কা (২৫ দিন): শ্রীলঙ্কায় বছরে ২৫ দিন সরকারি ছুটি থাকে। পূর্ণিমাকেন্দ্রিক ‘পয়া ডে’, সিংহলি ও তামিল নববর্ষ এবং বুদ্ধের জন্মদিনের মতো বিশেষ দিনে ছুটি উপভোগ করেন দেশটির নাগরিকরা।
৫. বাংলাদেশ (২২ দিন): বছরে ২২ দিন সরকারি ছুটি নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। জাতীয় দিবসের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে এসব ছুটি দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজন সাপেক্ষে নির্বাহী আদেশে বিভিন্ন সময়ে ছুটির সংখ্যা বাড়ানো হতে পারে।
৬. কম্বোডিয়া (২১ দিন): কম্বোডিয়ায় বছরে ২১ দিন সরকারি ছুটি থাকে। খেমার নববর্ষ, পূর্বপুরুষ স্মরণে পালিত ‘পচুম বেন’ এবং বিখ্যাত পানি উৎসব ‘বন ওম তুক’ দেশটির উল্লেখযোগ্য ছুটির উপলক্ষ।
৭. ভারত (২১ দিন): ভারতে বছরে ২১ দিন সরকারি ছুটি রয়েছে। দেশটির বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ছুটির তালিকাকে সমৃদ্ধ করেছে। তবে অঞ্চলভেদে বা রাজ্যভিত্তিক ছুটির সংখ্যায় কিছুটা তারতম্য রয়েছে।
৮. লিশটেনস্টাইন (২০ দিন): ইউরোপের ছোট দেশ লিশটেনস্টাইনে বছরে ২০ দিন সরকারি ছুটি রয়েছে। জাতীয় দিবসের পাশাপাশি খ্রিষ্টীয় ধর্মীয় দিবসেও সেখানে ছুটি থাকে।
৯. চিলি (২০ দিন): ল্যাটিন আমেরিকার দেশ চিলিতেও বছরে ২০ দিন সরকারি ছুটি থাকে। ক্যাথলিক ধর্মীয় দিবস, শ্রমিক দিবস এবং আদিবাসী জনগোষ্ঠীর দিবস এসব ছুটির অন্তর্ভুক্ত।
১০. ম্যাকাও (২০ দিন): বছরে ২০ দিন সরকারি ছুটি নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে ম্যাকাও। চীনা ও পর্তুগিজ সংস্কৃতির দারুণ প্রভাব দেশটির ছুটির তালিকায় প্রতিফলিত হয়েছে।
বিশ্লেষণ অনুযায়ী, তালিকার শীর্ষ পাঁচটি দেশের প্রতিটিই এশিয়ায় অবস্থিত। এর মধ্যে ৩৫ দিন ছুটি নিয়ে নেপাল অন্য দেশগুলোর চেয়ে বেশ ব্যবধানে এগিয়ে রয়েছে। মূলত জাতীয় ঐতিহ্যের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যই বিভিন্ন দেশের সরকারি ছুটির সংখ্যা নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে।


