...|...|...

ক্যাম্পাস

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবির শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ

কুবি প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:১২
Shares
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবির শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এই তালিকায় আছেন।

‎গত বুধবার (৭ অক্টোবর) চলতি বছরের তালিকাটি প্রকাশ করে টপ সায়েন্টিস্ট নেট নামক ওয়েবসাইটটি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

‎মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তার গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।

‎জানা যায়, ২০২৬ সালের এই শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স ও কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় সারা বিশ্বে মোহাম্মদ শফি উল্লাহর অবস্থান ১৩৯, ৯৪১তম এবং ক্ষেত্র ভিত্তিক গবেষণায় গাণিতিক পদার্থবিদ্যায় ২৫১০তম।

‎গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তার গবেষণার সাইটেশনসংখ্যা ১৮২৯। এখন পর্যন্ত তার পাবলিকেশন সংখ্যা ৮১টি৷ গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে তিনি দুইটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎এ বিষয়ে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার সুপারভাইজার, সহকর্মী, সহলেখক, শিক্ষার্থী, সহযোগী ও পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের সহযোগিতা ও উৎসাহ আমার এই পথচলাকে সমৃদ্ধ করেছে।’