...|...|...

খেলা

বিশ্বসেরা একাদশে মেসি, বাদ ব্যালন ডি’অরজয়ী কেইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৪
Shares
বিশ্বসেরা একাদশে মেসি, বাদ ব্যালন ডি’অরজয়ী কেইন

ছবি: সংগৃহীত

ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশে রেকর্ড ১৮তমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে ২০২৬ সালের এই একাদশে জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। অন্যদিকে নারী একাদশে রেকর্ড নবমবারের মতো নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

৭৩টি দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত ২০২৬ সালের ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশ প্রকাশ করা হয়েছে। একই সাথে ৬৪টি দেশের নারী ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়েছে নারী বর্ষসেরা একাদশ।

২০২৩ সালের পর এবারই প্রথম ফিফপ্রো একাদশে ফিরেছেন ৩৯ বছর বয়সী মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলা এই তারকার সাথে আক্রমণভাগে রয়েছেন আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে  ও লামিন ইয়ামাল।

মাত্র ১৯ বছর বয়সে আরেকটি বিরল রেকর্ড গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল। ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই টানা দুইবার ফিফপ্রো একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলার তিনি।

একাদশে স্পেনের প্রতিনিধিত্ব করছেন দাভিদ রায়া, পাউ কুবার্সি ও রদ্রিও। এ ছাড়া আছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম, পর্তুগালের ভিতিনিয়া, পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি এবং পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।

তবে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও কেইনের বাদ পড়া আলোচনার জন্ম দিয়েছে। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপরও ভোটে সেরা একাদশে জায়গা হয়নি এই স্ট্রাইকারের।

নারী বর্ষসেরা একাদশে নবমবারের মতো জায়গা পেয়েছেন চেলসির ইংলিশ রাইট-ব্যাক লুসি ব্রোঞ্জ। ৬৪টি দেশের নারী ফুটবলারের ভোটে নির্বাচিত এই দলে ইংল্যান্ড ও স্পেনের বাইরে থেকে একমাত্র প্রতিনিধি জাম্বিয়ার বারব্রা বান্দা।

এ ছাড়া স্পেনের তিনবারের ব্যালন ডি’অরজয়ী দুই তারকা আইতানা বনমাতি ও আলেক্সিয়া পুতেয়াসও রয়েছেন একাদশে। তাদের সাথে আক্রমণভাগে জায়গা পেয়েছেন ক্লদিয়া পিনা ও ইংল্যান্ডের অ্যালেসিয়া রুসো।

২০২৬ ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: দাভিদ রায়া (আর্সেনাল, স্পেন)

ডিফেন্ডার: পাউ কুবার্সি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)

মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

২০২৬ ফিফপ্রো নারী বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: হ্যানা হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), মাপি লেওন (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), আইরিন পারেদেস (বার্সেলোনা, স্পেন)

মিডফিল্ডার: আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন), আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), এলা টুন (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)

ফরোয়ার্ড: বারব্রা বান্দা (অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), ক্লদিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), অ্যালেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)