অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজের আগে তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতি শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বসেরা দলের বিপক্ষে মাঠে নামার আগে মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ ডেভিড হেম্প।
শুক্রবার (৯ অক্টোবর) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এর আগে আজ বৃহস্পতিবার দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন হেম্প। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছিলাম, কিন্তু আমরা যেসব উইকেটে অনুশীলন করেছি সেগুলো চমৎকার ছিল।'
তবে প্রস্তুতির পাশাপাশি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিক চাপ সামলানো নিয়েও সতর্ক হেম্প। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই র্যাংকিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে মানসিক দৃঢ়তা ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
হেম্প বলেন, 'আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।'
সিরিজ শেষে যেন নিজেদের পারফরম্যান্স নিয়ে কোনো ধরনের আক্ষেপ না থাকে, সেটিই কোচের অন্যতম লক্ষ্য। নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেট খেলতে পারলে ফল যা-ই হোক, সন্তুষ্ট থাকতে চান হেম্প।
তিনি বলেন, 'আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।'


