যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত এবং ডলারের শক্তিশালী অবস্থানের চাপে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। এতে মূল্যবান ধাতুটির দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট গোল্ডের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭২ দশমিক ৯১ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের এক পর্যায়ে দাম নেমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ দশমিক ১০ ডলারে নেমেছে।
সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাস ফেডারেল রিজার্ভ কঠোর নীতিতে থাকবে—এমন প্রত্যাশা এখনও বাজারে আছে। এ কারণেই স্বর্ণের দাম চাপে রয়েছে।
ডলার সূচক ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। ফলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। দিনের এক পর্যায়ে এটি ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন দামে নেমে যায়।
বিশ্ব প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিল বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বাড়া এবং প্লাটিনাম-সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড থেকে অর্থ বেরিয়ে যাওয়ার হার কমার কারণে আগামী বছর বৈশ্বিক প্লাটিনাম বাজার আবার ঘাটতিতে ফিরতে পারে।
প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ দশমিক ৩১ ডলারে নেমেছে। দিনের এক পর্যায়ে এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ ভাগের পর সর্বনিম্নে পৌঁছায়। চলতি বছর এখন পর্যন্ত প্লাটিনামের দাম প্রায় ৩০ শতাংশ কমেছে।
এদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।


