...|...|...

খেলা

বিশ্বকাপের ড্রয়ে ওলটপালট, বড় দলগুলোর জন্য ফিফার বিশেষ ব্যবস্থা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫
Shares
বিশ্বকাপের ড্রয়ে ওলটপালট, বড় দলগুলোর জন্য ফিফার বিশেষ ব্যবস্থা

ছবি: সংগৃহীত

২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ে এবার থাকছে বিশেষ নিয়ম। ফিফার পরিকল্পনা অনুযায়ী, র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলকে আলাদা পথে রাখার ব্যবস্থা করা হবে। ফলে দলগুলো নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠলে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। এমনকি র‍্যাংকিংয়ের শীর্ষ দুই দলের লড়াই হওয়ার সুযোগ থাকবে শুধু ফাইনালে।

আগামী ১১ ডিসেম্বর ব্রাজিলের রিও ডি জেনেইরোর আধুনিক শিল্প জাদুঘরে অনুষ্ঠিত হবে ২০২৭ নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বৃহস্পতিবার ড্রয়ের নিয়ম ও পদ্ধতি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী বছরের এই আসরে অংশ নেবে ৩২টি দেশ। এরই মধ্যে ১৮টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি দলগুলোও বাছাইপর্ব ও প্লে-অফের মাধ্যমে জায়গা করে নেবে। ড্রয়ের জন্য অংশগ্রহণকারী দেশগুলোকে চারটি পটে ভাগ করা হবে। প্রতিটি পটে থাকবে আটটি করে দল। ফিফার সর্বশেষ নারী বিশ্ব র‍্যাংকিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে পটের অবস্থান।

স্বাগতিক দেশ হওয়ায় ব্রাজিলের অবস্থান আগেই নিশ্চিত করেছে ফিফা। পট ১-এর ‘এ১’ স্থানে থাকবে তারা। অর্থাৎ গ্রুপ পর্বের প্রথম গ্রুপে খেলবে স্বাগতিকরা। এ কারণে গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচের ভেন্যু এবং নকআউট পর্বে ওঠার পর সম্ভাব্য পথ সম্পর্কেও আগে থেকেই ধারণা পাচ্ছে ব্রাজিল।

ব্রাজিলের সাথে প্রথম পটে থাকার সম্ভাবনা রয়েছে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স ও সুইডেনের। তবে চলতি মাসের আন্তর্জাতিক বিরতির পর প্রকাশিত ফিফার নতুন র‍্যাংকিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে পট বিন্যাস। ফলে দলগুলোর অবস্থানে পরিবর্তন আসার সুযোগ রয়েছে।

র‍্যাংকিংয়ের পরবর্তী আটটি দল থাকবে দ্বিতীয় পটে। এরপরের আটটি দলকে রাখা হবে তৃতীয় পটে। চতুর্থ পটে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা শেষ পাঁচটি দল এবং প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য নির্ধারিত তিনটি স্থান।

প্লে-অফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। তবে এখনো এই প্রতিযোগিতার আয়োজক ভেন্যু চূড়ান্ত করেনি ফিফা।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপে চারটি পট থেকে একটি করে দল জায়গা পাবে। একই মহাদেশের একাধিক দলকে সাধারণত একই গ্রুপে রাখা হবে না। তবে ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম থাকছে। কারণ, এবারের আসরে ইউরোপ থেকে ১১ থেকে ১২টি দলের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের পুরুষ বিশ্বকাপের মতো নারী বিশ্বকাপেও র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলকে আলাদা পথে রাখার পরিকল্পনা করেছে ফিফা। এর ফলে এই চার দলের কেউ নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে উঠলে সেমিফাইনালের আগে অন্য শীর্ষ দলগুলোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে না।

বিশেষ করে র‍্যাংকিংয়ের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের সম্ভাব্য লড়াইয়ের জন্য নির্ধারিত থাকবে ফাইনাল। অর্থাৎ গ্রুপ পর্বের প্রতিপক্ষ নির্ধারণের পাশাপাশি ড্রয়ের মাধ্যমেই বিশ্বকাপের শিরোপা জয়ের পথে বড় দলগুলোর সম্ভাব্য অবস্থানও অনেকটা স্পষ্ট হয়ে যাবে।