আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর এবার হাইতির জার্সি বেছে নিয়েছেন ভেলেজ সার্সফিল্ডের প্রতিভাবান তরুণ উইঙ্গার স্টিফেন ‘কিকি’ রামোস। কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে মাঠে নামবেন ১৭ বছর বয়সী এই ফুটবলার।
হাইতিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএইচ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রামোসের জাতীয় দল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। ফেডারেশন জানিয়েছে, হাইতিকে বেছে নেওয়া এই তরুণ ফুটবলার ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সে জন্ম রামোসের। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয়। এরপর বুয়েনস এইরেসে বেড়ে ওঠেন তিনি। সেখানেই ভেলেজ সার্সফিল্ডের হয়ে ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন এই তরুণ।
এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন রামোস। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি হাইতির জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এফএফএইচের বিবৃতিতে তাকে স্বাগত জানানোর পাশাপাশি এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য তার এজেন্ট ও ক্লাব ভেলেজ সার্সফিল্ডকে ধন্যবাদ জানানো হয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে পড়েছে হাইতি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে প্রীতি ম্যাচ খেললেও জাতীয় দল পরিবর্তনে কোনো আইনি জটিলতায় পড়তে হচ্ছে না রামোসকে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতামূলক ম্যাচে জাতীয় দলের হয়ে না খেললে কেবল প্রীতি ম্যাচ খেলার কারণে কোনো ফুটবলার সেই দেশের হয়ে খেলার জন্য স্থায়ীভাবে বাধ্য থাকেন না।



