...|...|...

রাজনীতি

বিরোধী দলকে ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩৫
Shares
বিরোধী দলকে ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী। ছবি: সংগৃহীত

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিলটিকে শরিয়াহবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী। একই সাথে এতে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদে হেবা বা দানের নামে নতুন প্রস্তাবিত নিয়ম কোরআন ও সুন্নাহর পরিপন্থী। সংসদের স্পিকারের আসনের ওপরে ‘কালিমায়ে তায়্যিবা’ শোভা পেলেও সেখানে শরিয়াহবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ চরম সাংঘর্ষিক। কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না—রাষ্ট্রপতির এই আশ্বাসের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

তবে সংসদে এই বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘সংসদে বিতর্কিত এ আইনটি নিয়ে আলোচনার সময় বিরোধী দল শরিয়াহর পক্ষে ভূমিকা পালন করায় ধন্যবাদ জানাচ্ছি। তবে সরকারি দলে আলেম ও প্রাজ্ঞ ব্যক্তিরা থাকা সত্ত্বেও কীভাবে শরিয়াহবিরোধী এমন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলো, তা বোধগম্য নয়।’

সম্পদ হেবা করা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে তথাকথিত নতুন নিয়ম গ্রহণযোগ্য নয়। যার সম্পদ, তিনি তা নিজের কাছেই রাখবেন; আর হস্তান্তর করতে হলে তা শরিয়াহসম্মত প্রকৃত নিয়মে হতে হবে।

বর্তমান সরকারকে ইসলামবান্ধব উল্লেখ করে মুহিউদ্দিন রব্বানী আশাবাদ ব্যক্ত করেন, যারা সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে, তারা কোনো বিতর্কিত আইন আনবে না। তাই পাস হওয়া এই বিলটি অবিলম্বে বাতিলের জোর দাবি জানান তিনি।