রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় মো. বাদশাহ (৩০) নামে এক ব্যক্তিকে অধিদফতর করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের একটি অফিসের সামনে অভিযান চালানো হয়। ডিএনসির তেজগাঁও সার্কেলের একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানে মোট ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে বাদশাহ নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা গেছে, মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক নির্দেশনায় এবং উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।


