...|...|...

খেলা

বিধ্বস্ত মাদ্রিদের মানুষের জন্য মেসির কোটি টাকার অনুদান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সকাল ৯:১২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৮
Shares
বিধ্বস্ত মাদ্রিদের মানুষের জন্য মেসির কোটি টাকার অনুদান

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগুনে বিধ্বস্ত সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। খবর গোল ডট কমের

মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেসির এই অনুদানের তথ্য জানান। 

তিনি লেখেন, ‘সিয়েরা ওয়েস্তে দে মাদ্রিদের পুনর্গঠনের জন্য লিও মেসি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, খুব শিগগিরই তাকে আবার মাদ্রিদে স্বাগত জানাতে পারব এবং মানুষ তার প্রাপ্য সম্মান জানাবে।’

গত কয়েক সপ্তাহে ভয়াবহ দাবানলে মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বনভূমি, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। অনেক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ঠেকাতে এখনো নজরদারি চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।

মানবিক কর্মকাণ্ডে মেসির সম্পৃক্ততা নতুন নয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশন–এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শিশু ও তরুণদের স্বাস্থ্য, শিক্ষা এবং খেলাধুলাবিষয়ক বিভিন্ন উদ্যোগে সহায়তা দিয়ে আসছেন। মাদ্রিদের দাবানল–দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানবিক উদ্যোগেরই আরেকটি নজির গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।