বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে এখনো দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন তিনি।
বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজিটি। ৩১ বছর বয়সী এই পেসার টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩৩১ ম্যাচ খেলে ৪২৩ উইকেট নিয়েছেন। রেনেগেডসের পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের অস্ত্রোপচারের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে ভেড়ানো হয়েছে।
তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ফিজ। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার ব্যস্ততা শেষে রেনেগেডসের সাথে যোগ দেবেন তিনি। দলের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি পাওয়ারপ্লে ও ডেথ ওভারে উইকেট নেওয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
ক্লাবের এক বিবৃতিতে বিগ ব্যাশে প্রথমবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে আমি ভীষণ উদ্গ্রীব। এমসিজির মতো আইকনিক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা দারুণ এক অনুভূতি হবে। সতীর্থদের সাথে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে আমি প্রস্তুত।’
রেনেগেডসের প্রধান কোচ লুক রঞ্চিও মুস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে সমানভাবে উইকেট শিকারের তার যে সহজাত ক্ষমতা, আমাদের বোলিং আক্রমণে ঠিক এই জিনিসটিরই ঘাটতি ছিল।’
এদিকে মুস্তাফিজকে ঘিরে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস। ১ ও ১৬ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিতব্য ম্যাচে বাংলাদেশি সমর্থকদের একত্র করতে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনায় ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
মুস্তাফিজের পাশাপাশি আসন্ন বিগ ব্যাশে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। আগের আসরের মতো এবারও হোবার্ট হারিকেনসের হয়ে মাঠে নামবেন তিনি। ফলে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বাড়বে।



