...|...|...

রাজনীতি

বিএনপি সরকার প্রথম ছয় মাসে মোটা দাগে ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ২:৩৫
Shares
বিএনপি সরকার প্রথম ছয় মাসে মোটা দাগে ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ার

বিএনপি সরকার প্রথম ছয় মাসে ফ্যাসিস্টের দেখানো পথেই হাঁটছে এবং মোটা দাগে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়ন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের নিজেদের লোক মনে হচ্ছে না-এমন সৎ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি ও ওএসডি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বর্তমান সরকারের গতিপথ নিয়ে প্রশ্ন তৈরি করছে।

তবে অর্থনীতিতে রিজার্ভ বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াতের এই নেতা।

রিজার্ভ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এর পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। প্রবাসীরা তাদের ঘাম ঝরানো অর্থ দেশে পাঠানোর কারণেই রিজার্ভ বেড়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।