ময়মনসিংহের ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসায় হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে ফুলপুরের গ্রিন রোডে অবস্থিত তার বাসায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাসাটিতে হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বাসার জানালার পর্দা পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বলেন, গভীর রাতে একদল দুর্বৃত্ত আমার বাসায় হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। গোলচত্বরের পাশে গুরুত্বপূর্ণ এলাকায় আমার বাসা। সেখানে এসে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এতে যেকোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা কতটুকু ছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা সাবেক সংসদ সদস্যের বাড়িতে এসে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বাড়ির জানালার পর্দা পুড়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


