বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৪৫৮। ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। অন্যদিকে, ঢাকার একিউআই স্কোর ছিল ১৯৪।
বায়ুমানের এই সূচক অনুযায়ী, ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের নির্ধারিত মানদণ্ডে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে চিহ্নিত করা হয়।
আইকিউএয়ারের সূচকে মূলত বিভিন্ন শহরের বায়ুদূষণের মাত্রা তাৎক্ষণিকভাবে তুলে ধরা হয়। ফলে সময় ও আবহাওয়ার পরিবর্তনের সাথে শহরগুলোর অবস্থান এবং বায়ুমানের স্কোরেও পরিবর্তন আসতে পারে।


