...|...|...

সারাদেশ

বাড়ি বাড়ি গিয়ে নামাজের ডাক দেওয়াই পনির মোল্লার নিত্যদিনের অভ্যাস

ইমন মিয়া, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৫
Shares
বাড়ি বাড়ি গিয়ে নামাজের ডাক দেওয়াই পনির মোল্লার নিত্যদিনের অভ্যাস

শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা তার চলার পথে বাধা হলেও আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে পারেনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জগনাদী গ্রামের পনির মোল্লাকে।

জগনাদী গ্রামের আহাম্মদ মোল্লার দ্বিতীয় ছেলে পনির মোল্লা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেন। শুধু নিজে নামাজ পড়েই থেমে থাকেন না, গ্রামের মানুষকেও নামাজের জন্য উৎসাহিত করেন।

বিশেষ করে ফজরের সময় গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষকে নামাজের জন্য ডাকেন পনির মোল্লা। স্থানীয়দের কাছে তার এই ডাক এখন অনেকটাই পরিচিত। অনেকের ঘড়ির অ্যালার্ম হয়তো কখনো মিস হতে পারে, কিন্তু ফজরের নামাজের জন্য পনির মোল্লার দেওয়া ডাক মিস হয় না-এমনটাই জানান স্থানীয়রা।

শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ধর্মীয় কাজে তার আগ্রহ এবং অন্যদের নামাজের জন্য আহ্বান জানানোর বিষয়টি স্থানীয়দের নজর কেড়েছে। তাঁর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।

পনির মোল্লার প্রতিদিনের এই কর্মকাণ্ড যেন মনে করিয়ে দেয়-জীবনে নানা সীমাবদ্ধতা থাকলেও ভালো কাজের ইচ্ছা মানুষকে এগিয়ে নিতে পারে। নিজের সামর্থ্যের মধ্যেই তিনি নিয়মিত নামাজ আদায় করছেন এবং অন্যদেরও নামাজের প্রতি উৎসাহিত করে যাচ্ছেন।

স্থানীয়দের কাছে পনির মোল্লার এই ব্যতিক্রমী অভ্যাস এখন জগনাদী গ্রামের পরিচিত একটি দৃশ্য। ভোরের নীরবতা ভেঙে তার কণ্ঠে যখন শোনা যায় নামাজের ডাক, তখন অনেকেরই শুরু হয় নতুন একটি দিনের পথচলা।