আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা ও ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী গ্রীষ্মের আগেই যারা সৌরবিদ্যুৎ স্থাপন করবেন, তারা নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে সরকার কিনে নেবে।
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা সমন্বিতভাবে কাজ করলে নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। গ্যাস বা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রকল্প প্রণয়ন, অনুমোদনসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয়। তুলনামূলকভাবে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় দুটোই কম। ফলে স্বল্প সময়ের মধ্যেই নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যশোর টিটিসির প্রিন্সিপাল প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, ইওয়াই বাংলাদেশের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট নাঈমুল ইসলামসহ টিটিসির শিক্ষক ও কর্মকর্তারা।


