ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে তেহরান।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।
আল জাজিরা জানিয়েছে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির এই বক্তব্য তুলে ধরা হয়েছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে আকাশপথে ‘উসকানিমূলক তৎপরতা’ এবং তেল পাচার বন্ধে প্রতিপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাহিনীটি আরও বলেছে, এ ধরনের লঙ্ঘন বা আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির মহাকাশ বাহিনী ‘কোনো সীমাবদ্ধতা ছাড়াই’ জবাব দিতে প্রস্তুত।
এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছিল, হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষের হামলা হয়েছে। সরকারি সূত্রের বরাতে ইরনা জানায়, হামলাটি সামরিক প্রকৃতির ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে সিরিক এলাকায় দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।


