যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির সংবাদ সংস্থা সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। হামলার কথিত ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সংস্থাটি।
বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাবে তাদের পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি আরও জানায়, গত সপ্তাহে দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে শত্রুপক্ষের বিমান হামলার জবাবেই বাহরাইনে মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোন একের পর এক ভূপাতিত করা হচ্ছে। আগের ধাপের তুলনায় এবারের অভিযানে আরও বেশি সংখ্যক আইআরজিসি ড্রোন মার্কিন লক্ষ্যবস্তুর দিকে পাঠানো হচ্ছে বলেও দাবি করা হয়।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ওপর যেকোনো আগ্রাসনের জবাব কঠোর ও পরিকল্পিতভাবে দেওয়া হবে।


