রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারের পর তাকে উত্তরায় এসআরবি সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এদিকে, একই সময়ে সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
তবে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


