প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমার বাবা স্বপ্ন দেখতেন আমি বিসিএস ক্যাডার হবো, আর এখন আমি অনেক বিসিএস ক্যাডারকে পরিচালনা করি।
সোমবার (৩১ আগস্ট) বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাস্কেট গ্রাউন্ডে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি এখানে যারা বসে আছেন অনেকেই আমার মতো একেবারে নিম্নবিত্ত পরিবারের। খুব কষ্ট করে এই পর্যন্ত এসেছেন।
তিনি বলেন, এটা আমার জন্য একটা প্রাইড (গর্ব) যে, আমি সমাজের একটা সুবিধাবঞ্চিত কমিউনিটির মধ্যে থেকে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি।
নিজের উচ্চশিক্ষা জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, আমার ফ্যামিলির কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। আমি ভর্তি হতে পেরেছি, নিশ্চয়ই এটা আমার জন্য গর্বের।
তিনি আরও বলেন, আমার বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যাডারকে পরিচালনা করি। সেটা আমার জন্য ভালো লাগার। কিন্তু আমার অস্তিত্ব, আমার রুট নিয়ে আমার দুর্বলতা নেই যে আমি পরিচয় দেব না যে, আমি কৃষকের সন্তান। আমি একটা গ্রামের ছোটোখাটো নিম্নবিত্ত-মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের সন্তান। আমার বাবা, বড় ভাইরা আমাকে কষ্ট করে পড়িয়েছেন, এটাতে লজ্জার কিছু নেই।
সমালোচকদের উদ্দেশ্য করে এবং নিজের কাজের প্রতি দৃঢ়তা প্রকাশ করে তিনি বলেন, এখন আমাকে নিয়ে কে কী বলল আই ডোন্ট কেয়ার (আমি পরোয়া করি না)। কারণ আমার কর্মই নির্ধারণ করবে হু এম আই (আমি কে)। আমি সবসময় আমার কর্মের দিকেই ফোকাস করি।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাইনুল হকের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাব্বির হোসেন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


