...|...|...

সারাদেশ

শিশু জান্নাতুল হত্যা মামলা

বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৬
Shares
বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি: টাইমস টুডে

নেত্রকোণার কলমাকান্দায়  শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী। একইসাথে মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী ও  শিশু জান্নাতুলের বাবা আর্শাদ মিয়া। এ সময় নিহত শিশুটির মা ইয়াসমীন আক্তার, পরিবারের সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে আর্শাদ মিয়া বলেন, শিশু জান্নাতুল হত্যা মামলায় আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারা  প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও তদন্তকাজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে শিশু জান্নাতুল হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

গত ৪ মে  বিকাল থেকে শিশু জান্নাতুল নিখোঁজ হয়। ২ দিন পর ৬ মে  সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের ধাননক্ষেত  থেকে মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওই দিনই হুগলী গ্রামের বাসিন্দা শিশুটির বাবা থানায় অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা করেন।