চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হয়ে বাদাম কিনতে যাওয়ার সময় লেগুনার চাকায় পিষ্ট হয়ে তাসফিয়া সুলতানা নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নাখাইন গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া সাতকানিয়া উপজেলার আবু হানিফের মেয়ে। তার বাবা স্থানীয় একটি মুদিদোকানে চাকরি করেন। এ কারণে পরিবারটি পটিয়ায় একটি ভাড়া বাসায় থাকত। দুর্ঘটনাস্থল থেকে তাদের বাসার দূরত্ব প্রায় ২০০ মিটার।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাদাম কেনার জন্য বাসা থেকে একাই বের হয়েছিল তাসফিয়া। সড়ক পার হওয়ার সময় একটি লেগুনার নিচে চাপা পড়ে সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের মৃত্যুর খবরে বিলাপ করছিলেন তাসফিয়ার মা রুজি আকতার। তিনি জানান, সকালে বাদাম কেনার জন্য বাসা থেকে একাই বের হয়েছিল তার মেয়ে। এরপর গাড়িচাপায় তার মৃত্যু হয়।
শিশুটিকে চাপা দেওয়া লেগুনার চালক সাইদুল ইসলামকে ধরে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। চালক জানান, তিনি নগরের নতুন ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিলেন। নাখাইন গ্যাস পাম্পের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি বাসের হর্ন শুনে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড় দেয়। এ সময় সে তার লেগুনার চাকার নিচে পড়ে যায়। পরে ওই লেগুনাতেই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৃষ্ণা সরকার জানান, শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল বারেক বলেন, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির লেগুনার চাপায় শিশুটি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেগুনার চালককে আটক করা হয়েছে।


