ক্রুসেডারদের কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধারের ইতিহাস, মুসলিম বিশ্বের ঐক্যের সংগ্রাম এবং কিংবদন্তি বীর সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা এবার বাংলায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শক। তুরস্কের বহুল আলোচিত ঐতিহাসিক মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ রবিবার (২ আগস্ট) থেকে একযোগে নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ সম্প্রচার শুরু হচ্ছে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
জানানো হয়, নাগরিক টিভিতে ধারাবাহিকটি রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রতিদিন রাত ৯টায় নতুন পর্ব দেখা যাবে।
এছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে একসাথে উপভোগ করতে পারবেন দর্শকরা।
মূলত ‘কুদুস ফাতিহি সেলাহাদ্দিন আইয়ুবি’ নামে নির্মিত এই তুর্কি সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের ঐতিহাসিক অভিযানকে কেন্দ্র করে। এতে মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায়বিচার এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির দূরদর্শী নেতৃত্ব ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে।
বিশালাকারের সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, রোমাঞ্চকর যুদ্ধের দৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে জীবন্ত করে তোলা হয়েছে সিরিজটিতে। বাংলা ডাবিংয়ে নির্মিত এই প্রযোজনার মাধ্যমে বাংলাদেশের দর্শক ইতিহাসভিত্তিক একটি ভিন্নধর্মী ও আন্তর্জাতিক মানের মেগা সিরিজ উপভোগের সুযোগ পাবেন।


