...|...|...

বিশ্ব

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ৮:০০
Shares
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

ছবি: সংগৃহীত

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে।

ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

উভয় দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশ গত অক্টোবরের শেষের দিকে এই সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে দুর্গাপূজার উৎসবের কারণে ভারত নভেম্বরে বৈঠকটি করার আগ্রহ প্রকাশ করে।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারত আগামী ১৭ ও ১৮ নভেম্বর বৈঠকের তারিখ প্রস্তাব করেছিল এবং ঢাকাও এতে সম্মতি দিয়েছিল।

ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকটি আয়োজনের জন্য ঢাকা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। সংলাপে যেসব বিষয় উত্থাপন করা হবে, তা নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়েছিল। তবে বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে।’

চলতি বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে উচ্চপর্যায়ের বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করতে দুই দেশ ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, গত মাসে বাণিজ্য বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আসন্ন সফরের বৃহত্তর প্রস্তুতির অংশ হিসেবেই এই কনস্যুলার সংলাপের আয়োজন করা হচ্ছিল।

২০১৭ সালে শুরু হওয়া এই সংলাপে দুই দেশ কনস্যুলার বিষয়, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক আইনি সহায়তা নিয়ে আলোচনা হয়ে থাকে। এ পর্যন্ত এ ধরনের চারটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যার সর্বশেষটি ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

আসন্ন এই সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভারত থেকে কথিত পুশ-ইন, ভিসা সেবা, আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি, পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি), প্রত্যর্পণ মামলা এবং ২০২৩ সালে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতি ৬ মাস পরপর নবায়ন হওয়া সংশোধিত ভ্রমণ ব্যবস্থার (আরটিএ) নবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।

এ ছাড়াও সংলাপে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ভারতের ওপর চাপ সৃষ্টির প্রস্তুতিও নিয়েছিল।