বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা ‘নৃপতি’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচিত প্রথম মঞ্চনাটক এটি। নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
হুমায়ূন আহমেদের ‘নৃপতি’ নাটকে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের খামখেয়ালিপনার চিত্র। প্রজাদের চাহিদা ও প্রত্যাশার বিপরীতে নিজের স্বেচ্ছাচারী মনোভাব বজায় রাখতে চায় নৃপতি। তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগকে বসন্তের কৃত্রিম আনন্দ দিয়ে আড়াল করার চেষ্টা করে সে। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টাও চালায়।
নাটকটির মধ্য দিয়ে দুর্নীতি, দুঃশাসন ও ক্ষমতার দম্ভের বিপরীতে মানুষের অধিকার আদায়ের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। একই সাথে প্রতিধ্বনিত হয়েছে স্বৈরশাসনের পতন এবং জনতার জাগরণের বার্তা।
নাটকটি প্রসঙ্গে নির্দেশক বদরুদ্দোজা বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু বিপ্লবী জনতা ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। নিজেদের প্রাপ্য অধিকার তারা ছিনিয়ে নেয়। এই বিষয়টি নাটকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ। আমাদের অনুরোধে তিনি তৎকালীন সময়ে নাটকটি লিখেছিলেন।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া ও এস এম সাগরসহ আরও অনেকে।
বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তির আয়োজনের অংশ হিসেবে ‘নৃপতি’র এই প্রদর্শনী দর্শকদের জন্য হুমায়ূন আহমেদের নাট্যসৃষ্টির সাথে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে।


