...|...|...

জাতীয়

বাংলাদেশ-ডেনমার্ক চতুর্থ দফা রাজনৈতিক সংলাপ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Shares
বাংলাদেশ-ডেনমার্ক চতুর্থ দফা রাজনৈতিক সংলাপ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চতুর্থ দফা রাজনৈতিক সংলাপ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি মিস এলসাবেথ সন্ডারগার্ড ক্রোন।

সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ প্রেস বিবৃতিতে জানানো হয়, উভয় দেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংলাপের মূল দিকগুলো

উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। টেকসই উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী প্রতিষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। এছাড়া জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা, সার্কুলার ইকোনমি, টেকসই কৃষি, সমুদ্র বিষয়ক কার্যক্রম এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং দক্ষতা উন্নয়নের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

'সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট' এবং ২০২৩-২০২৮ যৌথ কর্মপরিকল্পনার আলোকে অংশীদারত্ব এগিয়ে নিতে দুই দেশ একমত হয়েছে। ২০২৮ সালের পরবর্তী সহযোগিতার রূপরেখা নির্ধারণে ২০২৭ সালে কাজ শুরু করা হবে। পাশাপাশি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি 'বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ কমিটি' গঠনের প্রস্তাব এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল বাজার সুবিধার গুরুত্ব তুলে ধরা হলে ডেনমার্ক বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার চলমান উদ্যোগকে সমর্থন জানায়।

সংলাপে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সহযোগিতা বিষয়ক নবায়নকৃত সমঝোতা স্মারক (এমওইউ) সইকে স্বাগত জানানো হয়। এ ছাড়া ঢাকার সুপেয় পানির সরবরাহ বাড়াতে 'ইমপ্যাক্ট ফান্ড ডেনমার্ক'-এর সহায়তায় প্রায় ৩০০ মিলিয়ন ইউরো (২.৪ বিলিয়ন ড্যানিশ ক্রোনার) ব্যয়ের সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের (ফেজ-৩) দ্বিতীয় অংশ বাস্তবায়ন চুক্তির প্রশংসা করা হয়।

শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সংযোগ বাড়াতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং এপিএম টার্মিনালসের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানানো হয়। এর মাধ্যমে বাংলাদেশের নারীদের জন্য ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও মেরিটাইম শিক্ষার সুযোগ প্রসারিত হবে।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ডেনমার্ক। উভয় দেশ 'গাম্বিয়া বনাম মিয়ানমার' মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়ে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং রায়ের পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে কাজ করার অঙ্গীকার করে উভয় পক্ষ।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাবাদের প্রতি সমর্থন জানানো হয়। সংলাপের সিদ্ধান্তগুলো নিয়মিত ফলো-আপ করার পাশাপাশি আগামী ২০২৭ সালে ডেনমার্কের কোপেনহেগেনে পঞ্চম দফা রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।