...|...|...

খেলা

বাংলাদেশ আগামীতে সাফের শিরোপা জিতবে, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৬
Shares
বাংলাদেশ আগামীতে সাফের শিরোপা জিতবে, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ একদিন আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে বলে আশাবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ২০০৩ সালে বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি তুলে ধরে তিনি বলেছেন, এবার নতুন একটি দলের হাত ধরে সেই সাফল্যের পুনরাবৃত্তি দেখতে চেয়েছিলেন। তবে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় শিরোপার জন্য অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো।’

পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পরাজিত হলেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরো টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ও ফুটবলের প্রতি মানুষের আগ্রহকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় ডিআরইউকে সিড মানির আওতায় আনার বিষয়ে আবারও আশ্বাস দেন আমিনুল হক। তিনি মনে করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এদিকে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে চ্যানেল ২৪ টেলিভিশনকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

প্রথমে ব্যাট করে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চ্যানেল ২৪। দলের হয়ে সজীব ১৬ এবং রেদওয়ান শুয়েব ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে জয় নিশ্চিত করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। দলের হয়ে ২৭ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাজহারুল ইসলাম। আর পুরো টুর্নামেন্টে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড় হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এ সময় সংগঠনটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।