...|...|...

অর্থনীতি

বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৯
Shares
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশে পৌঁছেছে। শুধু তা-ই নয়, শিক্ষাগত যোগ্যতার সাথে মিল না থাকায় উচ্চশিক্ষিত চাকরিজীবীদের প্রায় অর্ধেকই নিজেদের মেধা ও যোগ্যতার চেয়ে নিম্নমানের কাজে নিয়োজিত হতে বাধ্য হচ্ছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত 'রিজিওনাল ইকোনমিক আউটলুক: এশিয়া অ্যান্ড প্যাসিফিক' শীর্ষক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উন্মোচন করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে তরুণদের সামগ্রিক বেকারত্বের হার ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে থাকলেও উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে এই চিত্র ভয়াবহ—যা ২৮ থেকে ২৯ শতাংশ। শিক্ষাব্যবস্থা থেকে অর্জিত দক্ষতার সাথে শিল্পখাতের চাহিদার বড় ব্যবধান এবং পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থানের অভাবই এই সংকটের মূল কারণ।

আইএমএফের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের কর্মজীবী উচ্চশিক্ষিতদের প্রায় ৫০ শতাংশের মেধার যথাযথ ব্যবহার হচ্ছে না। চাকরি না পেয়ে দীর্ঘ অপেক্ষার পর অনেকে বাধ্য হয়েই সামঞ্জস্যহীন ও অপ্রাসঙ্গিক পেশা বেছে নিচ্ছেন। এতে একদিকে যেমন মানবসম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে উচ্চশিক্ষার পেছনে করা জাতীয় ও পারিবারিক বিনিয়োগের সুফল থেকে অর্থনীতি বঞ্চিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম দুর্বলতা হলো অনানুষ্ঠানিক খাতের আধিপত্য। কৃষিসহ বিভিন্ন অস্থায়ী কাজে নিয়োজিত থাকায় অনেক কর্মী চাকরির নিরাপত্তা ও ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

তবে আশার কথা হলো, ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পাবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশমান যুগে প্রযুক্তিবান্ধব দক্ষ মানবসম্পদ তৈরি এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে এই 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড' বা জনমিতিক সুবিধা হাতছাড়া হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ।