‘বিলিওনেরারা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায়। দীর্ঘ চার বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন এই সংগীতশিল্পী। তার জনপ্রিয় গান ঘিরে বাংলাদেশের শ্রোতাদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। এবারও ভক্তদের সামনে সরাসরি গান গাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মঞ্চে সংগীত পরিবেশন করবেন এই পপতারকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর পর বিকেলে রাজধানীর গুলশানের একটি তারকা হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন ওটিলিয়া। সেখানে বাংলাদেশের প্রতি ভালো লাগা, ভক্তদের ভালোবাসা, স্থানীয় খাবার এবং আসন্ন কনসার্ট নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশের খাবারের স্বাদ নিয়ে বেশ উচ্ছ্বসিত ওটিলিয়া। তবে এখানকার খাবারের ঝাল তার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের খাবার খুবই সুস্বাদু, তবে একটু বেশিই ঝাল। আমি ঝাল খাবার পছন্দ করি, কিন্তু সাধারণত এতটা ঝাল খেতে অভ্যস্ত নই। স্বামীর কাছ থেকে ঝাল খাওয়াটা কিছুটা শিখছি। তবে বাংলাদেশের খাবারের ঝাল ডিফারেন্ট লেভেলের। তারপরও এখানকার খাবার আমার খুব ভালো লেগেছে।’
দ্বিতীয়বার বাংলাদেশে আসার কারণ জানতে চাইলে ওটিলিয়া বলেন, ‘ভক্তদের সাথে দেখা করতেই আবারও বাংলাদেশে এসেছি। এখানে আমার অনেক ক্রেজি ভক্ত রয়েছেন। তাদের সামনে সরাসরি গান গাওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য আনন্দের।’
ঢাকার কনসার্ট নিয়ে বেশ আশাবাদী এই সংগীতশিল্পী। তার ভাষ্য, এবারের আয়োজনে দর্শকদের জন্য বিশেষ চমক থাকছে। আগেরবারের তুলনায় এবারের পরিবেশনা আরও ভিন্ন ও উপভোগ্য হবে বলে আশা করছেন তিনি। কনসার্টে নিজের বিশ্বজুড়ে জনপ্রিয় গান ‘বিলিওনেরারা’ গাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন ওটিলিয়া। সাধারণত এই গান দিয়েই নিজের পরিবেশনা শুরু করেন তিনি। দর্শকদের অনুরোধে কখনো কখনো একই গান দুই থেকে তিনবারও পরিবেশন করতে হয় বলে জানান এই পপতারকা।
বাংলাদেশে আগের সফরের স্মৃতিও তার মনে রয়েছে। ওটিলিয়া জানান, গতবার এ দেশ থেকে পাওয়া উপহারগুলো এখনো যত্ন করে সংরক্ষণ করেছেন। বিশেষ করে তার ও মায়ের জন্য পাওয়া উপহারগুলো তার কাছে বিশেষ স্মৃতি হয়ে আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের প্রতিও রয়েছে তার আগ্রহ। তবে ইউরোপের শীতের আবহাওয়ার কারণে সেসব পোশাক পরার সুযোগ খুব একটা হয় না। এবারও বাংলাদেশ থেকে নতুন পোশাক এবং পরিবারের সদস্যদের জন্য উপহার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এবার বাংলাদেশে এসে কোন খাবারের স্বাদ নিতে চান—এমন প্রশ্নে ওটিলিয়া জানান, স্থানীয় স্ট্রিট ফুডের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের স্ট্রিট ফুড ট্রাই করব। বিলাসবহুল রেস্তোরাঁর চেয়ে স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবার খেতেই বেশি পছন্দ করি। কোনো দেশে গেলে রাস্তায় ঘুরে বেড়ানো, স্থানীয় মানুষের জীবনযাপন দেখা এবং পথের খাবারের স্বাদ নিতে ভালো লাগে।’
সংগীতের জনপ্রিয়তা প্রসঙ্গে ওটিলিয়ার ভাবনাও বেশ স্পষ্ট। তার মতে, গানের ক্ষেত্রে ভাষার চেয়ে অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। মানুষ যে ভাষাই বুঝুক না কেন, কোনো গানের অনুভূতি যদি তাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সেটি বিশ্বজুড়েই জনপ্রিয়তা পেতে পারে।
উল্লেখ্য, ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরারা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে আন্তর্জাতিক সংগীতের পাশাপাশি থাকছে দেশীয় সুরের আয়োজন। বাড়তি আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আয়োজন।


