বাংলাদেশে ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- কোনো জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে যে খাবার সংগ্রহ ও গ্রহণ করে আসছে, জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হলে তারা কি সেই চর্চা অব্যাহত রাখতে পারবে?
বিশেষ করে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর শামুক, ঝিনুক, কাঁকড়া, কুঁচিয়া ও বন্য উদ্ভিদসহ বন, নদী ও জলাভূমিনির্ভর খাদ্য সংগ্রহের ক্ষেত্রে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ।
অনেক সময় এই বিতর্ককে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন প্রকৃতি রক্ষা এবং মানুষের খাদ্যসংস্কৃতি ও জীবিকার অধিকার- এই দুটির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। বাস্তবে এটি একটি ভুল দ্বন্দ্ব। মূল চ্যালেঞ্জ হলো, এমন সংরক্ষণনীতি গড়ে তোলা, যা প্রতিবেশব্যবস্থা রক্ষার পাশাপাশি মানুষের প্রথাগত জীবিকা, সাংস্কৃতিক পরিচয় ও খাদ্যের অধিকারকেও সম্মান করে।
বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলন বিলের সাম্প্রতিক ঘটনা এই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। ২০২৬ সালের ৪ নভেম্বর সিংড়া এলাকায় শামুক-ঝিনুক সংগ্রহের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে সাত দিনের কারাদন্ড দেন। সংবাদমাধ্যমে তাঁদের ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই ঘটনায় প্রায় সাড়ে তিন টন শামুক-ঝিনুক উদ্ধার করে জলাভূমিতে অবমুক্ত করার খবর প্রকাশিত হয়। কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল জলজ জীববৈচিত্র্য রক্ষা। নির্বিচারে বাণিজ্যিক আহরণ বন্ধে প্রশাসনের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এ ধরনের আহরণ জলজ প্রতিবেশব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে বিষয়টি আরও বিস্তৃতভাবে বিবেচনা করা প্রয়োজন।
স্থানীয় জনগোষ্ঠীর খাদ্যচর্চা, বিশেষ করে আদিবাসীদের মৌসুমি জলজ খাদ্য সংগ্রহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। নিজস্ব প্রাকৃতিক পরিবেশ থেকে তাদের প্রথাগত খাদ্য সংগ্রহের সুযোগ ও অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। বাণিজ্যিক আহরণ নিয়ন্ত্রণের নামে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্যচর্চা বাধাগ্রস্ত হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।
শামুক ও ঝিনুক জলজ প্রতিবেশব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রজাতিভেদে এগুলো পানি পরিশোধন, পুষ্টি উপাদানের চক্রায়ন এবং জলজ খাদ্যশৃঙ্খল বজায় রাখতে ভূমিকা রাখে। ফলে নির্বিচারে আহরণ ও অতিরিক্ত বাণিজ্যিক সংগ্রহ জলজ পরিবেশের ক্ষতি করতে পারে।
চলন বিলের শামুক-ঝিনুক আহরণ ও বাণিজ্য নিয়ে প্রকাশিত গবেষণাতেও সংগ্রহের মৌসুমি ধরন এবং এর সঙ্গে যুক্ত আর্থসামাজিক বাস্তবতা বোঝার প্রয়োজনীয়তা উঠে এসেছে। কিন্তু প্রশ্নটি শুধু শামুক-ঝিনুক সংগ্রহ বন্ধ করা উচিত কি না, তা নয়। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো-কারা এগুলো সংগ্রহ করেন, কী উদ্দেশ্যে করেন, কী পরিমাণে করেন, কোন পদ্ধতিতে করেন এবং এই বাণিজ্য থেকে কারা লাভবান হন? পরিবারের খাদ্যচাহিদা মেটাতে সীমিত পরিমাণে সংগ্রহ এবং দূরবর্তী বাজারের জন্য বিপুল পরিমাণে বাণিজ্যিক আহরণ এক বিষয় নয়।
এই পার্থক্য উপেক্ষা করলে দারিদ্র্য ও প্রথাগত খাদ্যচর্চা অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে, বৃহৎ বাণিজ্যিক আহরণের চাপ যথাযথভাবে পর্যালোচনার বাইরে থেকে যেতে পারে।
আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রে বিষয়টি আরও গভীর। ঐতিহ্যবাহী খাদ্য কেবল খাবারের তালিকার কিছু উপাদান নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে স্থানীয় প্রতিবেশগত জ্ঞান, ঋতুভিত্তিক জীবনযাপন, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পদ্ধতি, সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক পরিচয়।
কোথায়, কখন ও কীভাবে নির্দিষ্ট প্রজাতি সংগ্রহ করতে হয়, কোন উদ্ভিদ খাওয়ার উপযোগী এবং কীভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হয়- এসব জ্ঞান দৈনন্দিন চর্চার মধ্য দিয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয়।
ফলে এসব সম্পদে প্রবেশাধিকার সীমিত করা হলে শুধু খাদ্য সংগ্রহই বাধাগ্রস্ত হয় না; সাংস্কৃতিক ধারাবাহিকতা ও স্থানীয় জ্ঞানব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে।
বাংলাদেশের সংবিধানে এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির ভিত্তি রয়েছে। সংবিধানের ১৫ অনুচ্ছেদে খাদ্যসহ মানুষের মৌলিক প্রয়োজন নিশ্চিত করার রাষ্ট্রীয় দায়িত্বের কথা বলা হয়েছে। ১৮ অনুচ্ছেদে পুষ্টি ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
১৮ক অনুচ্ছেদে পরিবেশের উন্নয়ন ও সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের ওপর অর্পণ করা হয়েছে। অন্যদিকে, ২৩ক অনুচ্ছেদে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়’- এর স্বতন্ত্র স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্রের পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। এই সাংবিধানিক দায়িত্বগুলোকে পরস্পরবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই।
জীববৈচিত্র্য রক্ষার নামে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর খাদ্যসংস্কৃতি ও প্রথাগত চর্চাকে উপেক্ষা করলে সাংস্কৃতিক সুরক্ষার সাংবিধানিক অঙ্গীকার অসম্পূর্ণ থেকে যায়। একইভাবে, সাংস্কৃতিক ঐতিহ্যের নামে বিপন্ন প্রজাতি বা প্রতিবেশব্যবস্থা ধ্বংসের অনুমোদনও দেওয়া যায় না। প্রয়োজন হলো ন্যায়সংগত, বৈজ্ঞানিক ও অংশগ্রহণমূলক সিদ্ধান্তের মাধ্যমে এই দায়িত্বগুলোর সমন্বয় করা।
আন্তর্জাতিক আইনও এই যুক্তিকে শক্তিশালী করে। বাংলাদেশ ১৯৯৮ সালে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে (আইসিইএসসিআর) যোগ দেয়। এর ১১ অনুচ্ছেদে পর্যাপ্ত খাদ্যের অধিকার স্বীকৃত হয়েছে।
জাতিসংঘের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারবিষয়ক কমিটি ১৯৯৯ সালের সাধারণ মন্তব্য নম্বর ১২-তে ব্যাখ্যা করেছে, পর্যাপ্ত খাদ্য হতে হবে সহজলভ্য, প্রাপ্য, টেকসই এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রাকৃতিক সম্পদ থেকে খাদ্য সংগ্রহ-যেমন মাছ ধরা, বনজ খাদ্য সংগ্রহ কিংবা জলজ সম্পদ ব্যবহার- এই অধিকারের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
জীববৈচিত্র্যবিষয়ক জাতিসংঘ সনদ বা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি ( সিবিডি) এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই সনদের পক্ষভুক্ত রাষ্ট্র। সনদের ৮(জে) অনুচ্ছেদে জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান ও চর্চাকে সম্মান, সংরক্ষণ এবং বজায় রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে জ্ঞানধারীদের অনুমোদন ও অংশগ্রহণ এবং ন্যায্য সুবিধা বণ্টনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
১০(সি) অনুচ্ছেদে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে ঐতিহ্যগত সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবে জীবসম্পদের প্রথাগত ব্যবহার সুরক্ষা ও উৎসাহিত করার কথা বলা হয়েছে।
বাংলাদেশও এ বিষয়ে কিছু আইনি অগ্রগতি অর্জন করেছে। জীববৈচিত্র্য আইন, ২০১৭-এ জীববৈচিত্র্য সম্পর্কিত ঐতিহ্যগত জ্ঞানের স্বীকৃতি, সংরক্ষণ, টেকসই ব্যবহার এবং সুবিধা বণ্টনের কাঠামো রয়েছে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এ ‘অন্যান্য কার্যকর এলাকাভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা’ বা ঙঊঈগ-এর ধারণায় স্থানীয় সাংস্কৃতিক, ধর্মীয় ও আর্থসামাজিক মূল্যবোধ বিবেচনার সুযোগ রয়েছে। এসব বিধান কমিউনিটির অংশগ্রহণ ও সংস্কৃতিসংবেদনশীল সংরক্ষণের নতুন সম্ভাবনা তৈরি করে। তবে আইনে স্বীকৃতি থাকলেই বাস্তবে প্রথাগত খাদ্যচর্চা সুরক্ষিত হবে, এমন নিশ্চয়তা নেই। সমস্যার একটি বড় জায়গা হলো আইনের প্রয়োগ এবং সমন্বিত দৃষ্টিভঙ্গির অভাব।
পরিবেশ, বন, জলাভূমি ও জলজ সম্পদসংক্রান্ত আইন ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও অনেক ক্ষেত্রে পারিবারিক খাদ্যচাহিদার জন্য প্রথাগত সংগ্রহ, ক্ষুদ্র পরিসরের জীবিকা এবং বৃহৎ বাণিজ্যিক আহরণের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা হয় না।
একইভাবে, কোনো নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা, সাংস্কৃতিক চর্চা ও অর্থনৈতিক অবস্থার ওপর কী প্রভাব ফেলবে, তা সব সময় যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।
বাংলাদেশের ভৌগোলিক ও প্রতিবেশগত বৈচিত্র্য এ ক্ষেত্রে আরও সতর্ক নীতিনির্ধারণের দাবি রাখে। পার্বত্য চট্টগ্রাম, মধুপুরের শালবন, বরেন্দ্র অঞ্চল, হাওর, উপকূলীয় জলাভূমি এবং সমতলের আদিবাসী জনগোষ্ঠীর খাদ্যব্যবস্থা ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ধরন এক নয়।
ভূমি, পানি, বন ও জীববৈচিত্র্যের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন ইতিহাস, ভূগোল ও স্থানীয় জ্ঞানব্যবস্থার মধ্য দিয়ে। এসব পার্থক্য বিবেচনা না করে অভিন্ন সংরক্ষণনীতি প্রয়োগ করলে স্থানীয় জনগোষ্ঠী তাদের নিজস্ব ভূপ্রকৃতি ও জীবনব্যবস্থা থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এই বাস্তবতায় কয়েকটি পরিবর্তন জরুরি।
প্রথমত, স্থানীয় গবেষণার ভিত্তিতে প্রথাগত পারিবারিক খাদ্য সংগ্রহ এবং বৃহৎ বাণিজ্যিক আহরণের মধ্যে আইনি ও প্রশাসনিক পার্থক্য নির্ধারণ করতে হবে।
দ্বিতীয়ত, প্রজাতিভিত্তিক বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে আহরণের সীমা, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা, ন্যূনতম আকার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আহরণ নিষিদ্ধ এলাকা নির্ধারণ করা যেতে পারে।
তৃতীয়ত, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সিদ্ধান্তে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে খাদ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ স্থানীয় জ্ঞান ধারণকারী নারীদের মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।
চতুর্থত, কোনো সংরক্ষণমূলক বিধিনিষেধের ফলে প্রথাগত সম্পদ ব্যবহার বা জীবিকা ক্ষতিগ্রস্ত হলে তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করতে হবে। পাশাপাশি স্বচ্ছ পরামর্শ, অভিযোগ নিষ্পত্তি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প জীবিকার ব্যবস্থা বা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
পঞ্চমত, কেবল অভিযান ও শাস্তিনির্ভর ব্যবস্থার পরিবর্তে কমিউনিটিনির্ভর পর্যবেক্ষণ এবং যৌথ ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে। পরিবেশগত প্রভাব মূল্যায়নে শুধু প্রতিবেশগত ক্ষতি নয়, খাদ্যসংস্কৃতি, প্রথাগত অধিকার ও স্থানীয় জীবিকার ওপর সম্ভাব্য প্রভাবও বিবেচনায় আনতে হবে।
এখানে খাদ্য সার্বভৌমত্বের ধারণাটিও গুরুত্বপূর্ণ। খাদ্য সার্বভৌমত্ব মূলত প্রশ্ন তোলে- খাদ্যব্যবস্থা কে নিয়ন্ত্রণ করে এবং খাদ্য উৎপাদন, সংগ্রহ, বণ্টন ও গ্রহণের পদ্ধতি নির্ধারণের ক্ষমতা কার হাতে থাকে? এর অর্থ প্রাকৃতিক সম্পদে অবাধ প্রবেশাধিকার নয়। বরং পরিবেশগত সীমা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারকে সম্মান করে নিজেদের খাদ্যব্যবস্থা নির্ধারণে জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা।
চলন বিলের ঘটনাটি তাই শুধু শামুক-ঝিনুক সংগ্রহ বন্ধ করা উচিত কি না- এই প্রশ্নে সীমাবদ্ধ থাকা উচিত নয়। অতিরিক্ত বাণিজ্যিক আহরণ যদি জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করে, অবশ্যই তা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু সংরক্ষণমূলক ব্যবস্থা যদি স্থানীয় জনগোষ্ঠীর তথা আদিবাসীদের প্রথাগত খাদ্যচর্চাকেও সীমিত করে, তাহলে রাষ্ট্রকে ব্যাখ্যা করতে হবে- সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে কীভাবে পরামর্শ করা হয়েছে, তাদের অধিকার ও জীবিকার প্রভাব কীভাবে মূল্যায়ন করা হয়েছে এবং তাদের জন্য ন্যায়সংগত বিকল্প কী নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় মানুষকে তাদের নিজস্ব ভূপ্রকৃতিতে বহিরাগত করে রেখে প্রকৃতিকে দীর্ঘমেয়াদে রক্ষা করা যায় না। আবার যে প্রতিবেশব্যবস্থা ঐতিহ্যবাহী খাদ্যকে টিকিয়ে রাখে, তা ধ্বংস হলে সাংস্কৃতিক অধিকারও টিকে থাকতে পারে না।
বাংলাদেশের প্রয়োজন এমন পরিবেশ আইন ও সংরক্ষণচর্চা, যেখানে প্রকৃতির পরিবেশগত সীমা এবং মানুষের মর্যাদা- দুটিই সমান গুরুত্ব পাবে। জীববৈচিত্র্য ও ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির মধ্যে একটিকে বেছে নেওয়া নয়; বরং ন্যায়বিচার, বিজ্ঞান ও জনগণের অংশগ্রহণের ভিত্তিতে দুটিকেই রক্ষা করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। তাই প্রকৃতি সংরক্ষণ যেন সাংস্কৃতিক উচ্ছেদের আরেক নাম না হয়ে ওঠে।
লেখক: মো. শহিদুল ইসলাম

