ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিসহ দেশটির বিভিন্ন শহরে আন্দোলন চলছে। এই আন্দোলনের পেছনে বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর ইশারা রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।
এর আগে পূজার মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে উদ্যোক্তাদের চাঁদার জুলুম ও তোলাবাজি থেকে দূরে থাকার পরামর্শ দেন দিলীপ ঘোষ। পরে দিল্লির আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আন্দোলনের নেপথ্যে কারা রয়েছেন, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দেখলেও বিষয়টি বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
দিলীপ ঘোষ আরও বলেন, বিরোধীদের হাতে এখন তেমন কোনো কাজ নেই। তাই কখনো পূজার সময় ঘোরাফেরা, আবার কখনো শীতকালে ধর্নায় বসছেন তারা। তার অভিযোগ, বিদেশ থেকে যারা ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, তাঁদের ইশারাতেই এসব কর্মকাণ্ড চলছে।
এদিকে, কলকাতায় সিজেপির আন্দোলন প্রসঙ্গেও বিরোধীদের সমালোচনা করেন দিলীপ ঘোষ। তার দাবি, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাতে থাকা দলগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্যদের ওপর নির্ভর করছে।
তবে দিল্লির আন্দোলনের সঙ্গে বাংলাদেশের মন্ত্রীদের সম্পৃক্ততার বিষয়ে দিলীপ ঘোষের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণের উল্লেখ করা হয়নি।


